নারায়ণগঞ্জে পারটেক্স গ্রুপের পার্টিকেল বোর্ড কারখানায় অগ্নিকাণ্ড
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার হরিপুর এলাকায় পারটেক্স গ্রুপের স্টার পার্টিকেল বোর্ড কারখানায় গতকাল বৃহস্পতিবার আগুন লেগে বেশ কিছু মালামাল পুড়ে গেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। কারখানার শ্রমিকেরা জানান, সকাল নয়টার দিকে বোর্ড তৈরির রিফাইন মেশিন থেকে আগুনের সূত্রপাত ঘটে। কারখানার নিজস্ব অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে প্রথমে আগুন নেভানোর চেষ্টা করা হয়। ব্যর্থ হয়ে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। বন্দর ও ডেমরা দমকল বাহিনীর চারটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানার এজিএম (প্রশাসন) আবদুল লতিফ দাবি করেন আগুনে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বোর্ড তৈরির রিফাইন মেশিনে লৌহজাতীয় পদার্থের ঘর্ষণের ফলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।’ এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সাংবাদিকেরা তথ্য সংগ্রহ করতে গেলে তাঁদের কারখানার ভেতর প্রবেশ করতে দেওয়া হয়নি।এর আগে ২০১০ সালের জুলাই মাসে এই পার্টিকেল বোর্ড কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।