নারায়ণগঞ্জে পিটিয়ে যুবক হত্যার ঘটনায় থানায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বাড়ি থেকে ধরে নিয়ে যুবক মো. নাহিদকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। গত শুক্রবার রাতে নিহত নাহিদের বাবা আবদুস সাত্তার বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা করেন। মামলায় ১৩-১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ১০ জনকে আসামি করা হয়েছে। প্রধান আসামি করা হয়েছে সন্ত্রাসী খেলাফত হোসেন রাজুকে। খেলাফত হোসেন ছাড়া নাম উল্লেখ করা আসামিরা হলেন আবুল ওরফে ডাকাত আবুল, মাসুম ওরফে আঙুল কাটা, দীন মোহাম্মদ, রনি, বিপ্লব, সবুজ, হানিফ, পিচ্চি ওরফে টোকাই সোহেল, মোহন ওরফে ডাকাত মোহন, রুবেল, রনি ও সাগর। মামলার তদন্ত কর্মকর্তা ফতুলা মডেল থানার পরিদর্শক (তদন্ত) এমদাদ হোসেন জানান, গ্রেপ্তার হওয়া সাগরকে গতকাল শনিবার দুপুরে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। আজ রোববার রিমান্ড শুনানির দিন ধার্য করে সাগরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। বৃহস্পতিবার রাতে ফতুল্লার পিলকুনী এলাকার বাসা থেকে খেলাফত হোসেন রাজুর নেতৃত্বে একদল সন্ত্রাসী নাহিদকে অস্ত্রের মুখে ধরে নিয়ে যায়। পরে নাহিদকে ফতুল্লার দাপা ব্যাংক কলোনি এলাকায় পিটিয়ে হত্যা করা হয়।