নারায়ণগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গতকাল শুক্রবার সকালে পুকুরে ডুবে স্কুলছাত্রী দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো রুমা আক্তার (১০) ও সামিয়া আক্তার (১১)। তারা মামাতো-ফুফাতো বোন। দুজনই স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীতে পড়ত। পরিবারের বরাত দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আকলিমা বেগম সাংবাদিকদের জানান, সকাল সোয়া ১০টার দিকে সদর ইউনিয়নের জাঙ্গীর এলাকায় রুমা তার মামাতো বোন সামিয়ার সঙ্গে পুকুরে গোসল করছিল। একপর্যায়ে সামিয়া পানিতে তলিয়ে যেতে থাকলে রুমা তাকে উদ্ধারে এগিয়ে যায়। পরে দুজনই তলিয়ে যায়। পরিবারের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কিন্তু তার আগেই ওদের মৃত্যু হয়।