নারায়ণগঞ্জে পুকুরে ডুবে পরীক্ষার্থীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরে গতকাল শুক্রবার দুপুরে পুকুরের পানিতে ডুবে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। একই সময় জেলার আড়াইহাজার উপজেলায় বাসের ধাক্কায় নিহত হয়েছেন মোটরসাইকেলের একজন আরোহী। এর আগে সকালে ফতুল্লায় এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ারম্যান রফিকুল ইসলাম জানান, দুপুর সাড়ে ১২টায় শহরের পাইকপাড়া বড় কবরস্থানসংলগ্ন পুকুরে বন্ধুদের নিয়ে গোসল করতে যান এইচএসসি পরীক্ষার্থী নুরুজ্জামান হূদয় (১৮)। গোসলের একপর্যায়ে নুরুজ্জামান পানিতে তলিয়ে যান। ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুকুরে তল্লাশি চালিয়ে বেলা দুইটায় নুরুজ্জামানকে উদ্ধার করে ১০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে শহরের বালুরমাঠ এলাকায় একটি বেসরকারি চিকিৎসাকেন্দ্রে নিলে চিকিৎসকেরা নুরুজ্জামানকে মৃত ঘোষণা করেন। নুরুজ্জামান শহরের বাবুরাইল এলাকার রুহুল আমিনের ছেলে। তিনি এ বছর নারায়ণগঞ্জ কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন। আড়াইহাজার থানার ওসি আখতার মোর্শেদ জানান, গতকাল বেলা দুইটায় উপজেলার পুরিন্দা বাজার এলাকায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় আলমগীর হোসেন (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী মারা যান। আলমগীর রূপগঞ্জের গোলাকান্দাইল নয়াবাজার নীলভিটা এলাকার ফজলুল হকের ছেলে। পুলিশ বাসটি জব্দ করতে পারলেও চালক পালিয়ে গেছেন। এদিকে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম জানান, সকালে সদর উপজেলার ফতুল্লার যমুনা অয়েল ডিপোর সামনে থেকে আবদুল মালেক (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ফতুল্লার পোস্ট অফিস এলাকার দিরাজ উদ্দিনের ছেলে। মালেক মানসিক রোগী ছিলেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় গাড়ির চাপায় মালেক নিহত হয়েছেন।