নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এক কলেজছাত্রসহ চারজনকে আটক করা নিয়ে এলাকার লোকজন গত সোমবার রাতে ধামগড় পুলিশ ফাঁড়ি প্রায় এক ঘণ্টা ঘেরাও করে রাখেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ছয়টি ফাঁকা গুলি ছোড়ে। এলাকাবাসীর অনেকের অভিযোগ, আটক ব্যক্তিদের ছেড়ে দিতে পুলিশ টাকা আদায়ের চেষ্টা করলে লোকজন ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ করেন। আর পুলিশ বলছে, জুয়া খেলার সময় মাদকসহ চারজনকে আটক করলে তাঁদের সহযোগীরা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত ১১টায় দিকে ধামগড় পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) মিন্টু মোল্লা ফোর্স নিয়ে এলাকার ইস্পাহানি বটতলা এলাকার রহিম মিয়ার তুলার গুদামে হানা দিয়ে কলেজছাত্র সানি, এলাকার যুবক আবু, আমির ও দেলোয়ারকে আটক করে ফাঁড়িতে নিয়ে যান। পরে এলাকাবাসীর মধ্যে কয়েকজন তাঁদের আটক করার কারণ জানতে চাইলে মিন্টু মোল্লা জানান, চারজনকে মাদক সেবন করার সময় আটক করা হয়েছে। তাঁদের ছাড়িয়ে নিতে ২০ হাজার টাকা দিতে হবে। এলাকাবাসী মাদক সেবনের আলামত দেখতে চাইলে পুলিশ কোনো আলামত দেখাতে না পারায় এলাকাবাসীর সঙ্গে বাগিবতণ্ডা ঘটে। ঘটনাটি জানাজানি হলে রাত সাড়ে ১১টায় কয়েক শ এলাকাবাসী একত্র হয়ে ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁরা মদনগঞ্জ-মদনপুর সড়ক অবরোধ করে রাখেন। মিন্টু মোল্লা জানান, যাঁদের আটক করা হয়েছে তাঁরা জুয়া খেলছিলেন। এ ছাড়া তাঁদের কাছে মাদক ছিল—যেটা তাঁরা সেবন করছিলেন। চারজনকে হাতেনাতে আটকের পর ফাঁড়িতে নিয়ে এলে সহযোগীরা হানা দিয়ে তাঁদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। তখন পুলিশ ছয়টি ফাঁকা গুলি করে। পরে বন্দরের মুছাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাকসুদ ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর সিরাজুল ইসলাম ঘটনাস্থলে এসে উত্তেজিত জনতাকে শান্ত করেন। পরে ওই ফাঁড়ি থেকে জনপ্রতিনিধিদের মুচলেকায় আটক ব্যক্তিদের ছাড়িয়ে আনা হয়। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আশরাফুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সাংবাদিকদের জানান, জুয়া খেলা ও মাদক সেবনের সময়ে ওই ব্যক্তিদের আটক করা হয়েছিল। এ সময় তাঁদের সহযোগীরা পুলিশ ফাঁড়ি ঘেরাও করেন। বিষয়টির তদন্ত চলছে।