নারায়ণগঞ্জে পুলিশের ওপর শিবিরের হামলা এসআইসহ আহত ৭
গোলাম আযমের মামলার রায়কে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার জামায়াতের ডাকা দ্বিতীয় দিনের হরতাল এবং রায় প্রত্যাখ্যান করে গণজাগরণ মঞ্চের সকাল-সন্ধ্যা হরতালে সদর উপজেলার ফতুল্লায় পুলিশের ওপর হামলা চালিয়েছেন জামায়াত-শিবিরের কর্মীরা। পুলিশকে মারধর করে তাদের অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করেন তাঁরা।হামলায় পুলিশের উপপরিদর্শকসহ (এসআই) সাত কনস্টেবল আহত হন। এ সময় জামায়াত-শিবিরের কর্মীরা দুটি ট্যাংকলরি ও একটি ট্রাকে আগুন দেন এবং ১০-১২টি যানবাহন ভাঙচুর করেন। ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে জামায়াত-শিবিরের আটজনকে আটক করেছে পুলিশ।এদিকে সকাল আটটায় সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের মাহমুদপুর এলাকায় একটি বাসে আগুন দেন শিবিরের কর্মীরা। তাঁরা পাঁচ-ছয়টি যানবাহন ভাঙচুর করেন। ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, জামায়াত-শিবিরের কর্মীরা ফতুল্লায় দুটি ভাগে বিভক্ত হয়ে একটি পক্ষ পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়, অন্য পক্ষ যানবাহনে আগুন দেয়।জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে যানবাহনে আগুন দেওয়া ও ভাঙচুরের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।