নারায়ণগঞ্জে পুলিশের চার কর্মকর্তাকে বদলি
নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় জেলার চার পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাঁরা হলেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন, সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবদুল মতিন, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মাহবুবুর রহমান ও পরিদর্শক (তদন্ত) আবদুল আওয়াল।
জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মঈনুর রহমান প্রথম আলোকে জানান, ফতুল্লা মডেল থানার ওসি আক্তার হোসেনকে মুন্সিগঞ্জ জেলায় বদলি করা হয়েছে। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে সদ্য নরসিংদী থেকে আসা পরিদর্শক আসাদুজ্জামানকে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবদুল মতিনকে টাঙ্গাইলে বদলি করা হয়েছে। তাঁর জায়গায় নতুন কাউকে এখন পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়নি।
মঈনুর রহমান আরও জানান, জেলা ডিবি পুলিশের ওসি মাহবুবুর রহমান ও পরিদর্শক (তদন্ত) আবদুল আওয়ালকে বরিশাল রেঞ্জে বদলি করা হয়েছে। জেলা ডিবি পুলিশের নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন নরসিংদী থেকে সম্প্রতি আসা পরিদর্শক মামুন রশীদ মণ্ডল। সাত খুনের ঘটনায় গতকাল রাতেই নতুন তদন্ত কর্মকর্তা নিযুক্ত হয়েছেন তিনি।
এদিকে নারায়ণগঞ্জের সাত অপহরণের ঘটনায় জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হবে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক ফারুক আহমেদ।
এ ঘটনার পর এখন পর্যন্ত নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল ও জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।
একই সঙ্গে র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মাদ, মেজর আরিফ হোসেন ও নারায়ণগঞ্জ ক্যাম্পের সাবেক প্রধান লে. কমান্ডার এম এম রানাকে অবসরে পাঠানো হয়েছে। তিন কর্মকর্তার মধ্যে সেনাবাহিনীর দুজনকে অকালীন এবং নৌবাহিনীর একজনকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়।