নারায়ণগঞ্জে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, চুরি, ডাকাতি, খুন, ছিনতাই ও মাদকের ব্যবহার উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তার কারণেই অপরাধপ্রবণতা বাড়ছে।গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক মো. সামছুর রহমানের সভাপতিত্বে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সাংসদ নজরুল ইসলাম বলেন, আড়াইহাজারে ডাকাতির ঘটনা ব্যাপকভাবে বেড়েছে। পাওয়ারলুম কারখানা বন্ধের কারণে ডাকাতি বেড়ে গেছে বলে পুলিশ যে যুক্তি দেখাচ্ছে, তা ঠিক নয়। এ পর্যন্ত গণপিটুনিতে যে কয়েকজন ডাকাত মারা গেছে, তারা আড়াইহাজার বা নরসিংদীর কেউ নয়। তারা বাইরে থেকে ডাকাতি করতে এসেছিল। তা থেকেই বোঝা যায়, ডাকাতির ঘটনা বৃদ্ধির পেছনে পাওয়ারলুম কারখানা বন্ধের কোনো সম্পর্ক নেই। পুলিশ আরও বেশি তৎপর হলে ডাকাতি কমে আসত।ফতুল্লা থানা আওয়ামী লীগের নেতা শহীদুল্লাহ বলেন, পুলিশের সহায়তায় সন্ত্রাসীরা ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। গ্রামবাসী বালু উত্তোলন বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেছে। এ ব্যাপারে প্রশাসনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া প্রয়োজন।নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ অভিযোগ করেন, পুলিশের নিষ্ক্রিয়তার কারণে জেলায় চুরি, ডাকাতি, ছিনতাই বেড়েছে। পুলিশের তৎপরতা বাড়াতে হবে।সিদ্ধিরগঞ্জে মানবজমিন-এর সাংবাদিকের হামলা ও মামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান বলেন, সাংবাদিকেরা থানায় মামলা করতে গেলে প্রায় তিন-চার ঘণ্টা তাঁদের বসিয়ে রেখে পুলিশ মামলা নিতে অনীহা প্রকাশ করে। অথচ পরদিন সকালে কোনো তদন্ত ছাড়াই সাংবাদিকদের বিরুদ্ধে সন্ত্রাসীদের মামলা নেয় পুলিশ।জেলা পুলিশ সুপার (এসপি) বিশ্বাস আফজাল হোসেন বলেন, নারায়ণগঞ্জে চারটি মন্দিরে চুরির ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে। সুতার দাম বৃদ্ধির কারণে আড়াইহাজারে বেশির ভাগ পাওয়ারলুম কারখানা বন্ধ হয়ে গেছে। এ কারণে সেখানে ডাকাতির ঘটনা বেড়েছে। জেলা প্রশাসক সামছুর রহমান বলেন, সবার সমন্বিত প্রচেষ্টায় আইশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সম্ভব। বিশ্বকাপ ক্রিকেটের দুই ম্যাচের দিন নারায়ণগঞ্জে কোনো প্রকার কর্মসূচি না দেওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আমিনুল্লাহ নুরী। সভায় নারায়ণগঞ্জের পাঁচজন সাংসদের মধ্যে মাত্র একজন উপস্থিত ছিলেন। এর আগের সভায় কোনো সাংসদ উপস্থিত ছিলেন না।