নারায়ণগঞ্জে পুলিশের লাঠিপেটা আহত ১০, তিন নেতা গ্রেপ্তার
নারায়ণগঞ্জে গতকাল মঙ্গলবার হরতাল চলাকালে বিএনপির নেতা-কর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশের লাঠিপেটায় তা ছত্রভঙ্গ হয়ে যায়। এতে পথচারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়। এ সময় পুলিশ বিএনপি ও যুবদলের তিন নেতাকে গ্রেপ্তার করে।শহরের বেশির ভাগ দোকানপাট বন্ধ ছিল। সীমিতসংখ্যক যান চলাচল করেছে। আড়াইহাজার, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও রূপগঞ্জে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে।সকাল সাতটার দিকে শহরের মণ্ডলপাড়া এলাকায় মিছিল বের করার চেষ্টাকালে শহর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল ও পৌরসভার এক নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলী আহাম্মদকে আটক করে পুলিশ। এ সময় পুলিশের লাঠিপেটায় পথচারীসহ অন্তত ১০ জন আহত হয়, ছত্রভঙ্গ হয়ে যান নেতা-কর্মীরা। বেলা ১১টায় মণ্ডলপাড়া থেকে যুবদলের নেতা রাশেদ আহমেদকে আটক করে পুলিশ। সকাল ১০টায় যুবলীগের ক্যাডার জহিরুল ইসলাম পারভেজ ওরফে ক্যাঙ্গারু পারভেজের নেতৃত্বে হরতালবিরোধী মিছিল বের হয়। মিছিলটি জেলা বিএনপির কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় তিনি দায়িত্ব পালনরত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল ইসলাম ও নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেনের সঙ্গে কিছুক্ষণ কথা বলে।বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সহসম্পাদক ও জেলা কমিটির সভাপতি তৈমুর আলম খন্দকার বলেন, সকাল থেকে নেতা-কর্মীরা হরতালের সমর্থনে শান্তিপূর্ণ অবস্থান করছিল। বিনা উসকানিতে ওই তিন নেতাকে আটক করে পুলিশ। বিএনপির নেতা-কর্মীদের রাস্তায় নামতে না দিলেও পুলিশের প্রহরায় যুবলীগের ক্যাডাররা শহরে মিছিল করেছে। পুলিশ বিএনপির নেতা-কর্মীদের রাস্তায় দাঁড়াতে দেয়নি।সকালে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনায় মামলা হয়েছে। মামলায় এ টি এম কামাল, আলী আহাম্মদসহ আটজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৩০-৩৫ জনকে আসামি করা হয়েছে। সদর মডেল থানার ওসি জানান, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও আইনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে দুপুরে এসআই আসাদুজ্জামান বাদী হয়ে এই মামলা করেন।জেলা যুবলীগের সভাপতি আবদুল কাদির বলেন, হরতাল ঠেকাতে যুবলীগ ক্যাঙ্গারু পারভেজকে কোনো দায়িত্ব দেয়নি। কারও ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় জেলা যুবলীগ নেবে না। নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল ইসলাম বলেন, ‘ক্যাঙ্গারু পারভেজ আমার সঙ্গে হাত মেলানোর চেষ্টা করলেও আমি সুযোগ দিইনি।’