নারায়ণগঞ্জে পুলিশের লাঠিপেটা নেত্রকোনায় নেতা-কর্মীদের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দিতে যাওয়ার সময় নারায়ণগঞ্জে নেতা-কর্মীরা পুলিশের লাঠিপেটার শিকার হয়েছেন। এতে পাঁচ নেতা-কর্মী আহত হয়েছেন। অন্যদিকে নেত্রকোনায় স্মারকলিপি দিতে আসা জেলা বিএনপির বিবদমান দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। নারায়ণগঞ্জের ঘটনার ব্যাপারে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিএনপির নেতা-কর্মীরা দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দিতে যাওয়ার সময় শহরের বঙ্গবন্ধু সড়কে পুলিশ তাঁদের গতি রোধ করে। বাধা ভেঙে তারা সামনে এগোতে গেলে পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পাঁচ নেতা-কর্মী আহত হন। নারায়ণগঞ্জ শহর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল বলেছেন, বিনা উসকানিতে পুলিশ তাঁদের লাঠিপেটা করেছে। পরে তাঁরা ১০-১৫ জন আলাদাভাবে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। এর আগে বেলা ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে জেলা বিএনপির সহসভাপতি বদরুজ্জামান খসরুর সভাপতিত্বে সমাবেশ হয়। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেছেন, জনগণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির করায় ‘মৃদু লাঠিপেটা’ করা হয়েছে।এদিকে, নেত্রকোনা বিএনপির নেতা-কর্মীরা জানিয়েছেন, জেলা কমিটি গঠন নিয়ে কমিটির বর্তমান সভাপতি নুরুজ্জামান নুরু ও সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদারের সমর্থকদের সঙ্গে জেলা কমিটির সাবেক সভাপতি আশরাফ উদ্দিন খানের সমর্থকদের বিরোধ রয়েছে। এ কারণে তারা গতকাল আলাদাভাবে স্মারকলিপি জমা দিতে যায়।প্রত্যক্ষদর্শীরা বলেছেন, বেলা ১১টার দিকে নুরু ও আবু তাহেরের নেতৃত্বাধীন জেলা বিএনপির একাংশ স্মারকলিপি দিতে আসে। আশরাফ উদ্দিন খানের নেতৃত্বে অপর অংশ এ সময় জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়ে কার্যালয় ছেড়ে যাচ্ছিল। দুই পক্ষ মুখোমুখি হলে কার্যালয়ের সামনে সংঘর্ষ বেধে যায়। মারধর ও ইটপাটকেলের আঘাতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।