নারায়ণগঞ্জে পৃথক দুটি অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে গত দুই দিনে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে গত বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়ায় দুটি ঝুটের গুদাম ও একটি বসতঘর পুড়ে গেছে। আর গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর গলাচিপা রেললাইন এলাকায় পুড়ে গেছে দুটি প্রিন্টিং কারখানা, দুটি ঝুটের গুদামসহ ছয়টি ঘর। আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়া এলাকায় দুটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রথমে স্থানীয় লোকজন আগুন নেভাতে চেষ্টা করে ব্যর্থ হন।
পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের দুটি, হাজীগঞ্জের দুটি ও আদমজী ইপিজেডের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১২টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষতি হতে পারে।
অন্যদিকে গতকাল দুপুর ১২টার দিকে গলাচিপা রেললাইন বস্তি এলাকায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনে দুটি প্রিন্টিং কারখানা, দুটি ঝুটের গুদাম ও দুটি বসতঘর পুড়ে গেছে। খবর পেয়ে মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা সানাউল হক জানান, ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানিয়েছেন, একজন মানসিক প্রতিবন্ধীর ছুড়ে দেওয়া সিগারেট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে চার-পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।