নারায়ণগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশীপুর সম্রাট সিনেমা হলের পাশে গত বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিনজন।ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, রাত ১১টার দিকে মুন্সিগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে মোটরসাইকেল আরোহী ইকবাল হোসেন (৩০) ঘটনাস্থলেই নিহত হন। আহত হন মোটরসাইকেলের চালক নাজমুল (২৮)। এ সময় সিএনজির চালকসহ দুজন আহত হন। তিনি জানান, দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ঢাকা-মুন্সিগঞ্জ সড়কে ব্যারিকেড দিয়ে পাঁচ-ছয়টি গাড়ি ভাঙচুর করে। রূপগঞ্জে নিহত ২: রূপগঞ্জ উপজেলার কাঞ্চন কালনী পলখান এলাকায় গতকাল শুক্রবার দুপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। তাঁরা হলেন নুরুল ইসলাম (৩০) ও মোক্তার হোসেন (২৯)। তাঁদের বাড়ি রূপগঞ্জ উপজেলার কাঞ্চন কালনী পলখান এলাকায়।রূপগঞ্জ থানার ওসি ফোরকান শিকদার জানান, এ ঘটনায় উত্তেজিত জনতা ১০-১২টি গাড়ি ভাঙচুর করে।