নারায়ণগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ও আজ বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এসব দুর্ঘটনা ঘটে।
নিহত ছয়জনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন সিএনজিচালিত অটোরিকশার চালক সাগর ও যাত্রী মিন্টু এবং পথচারী মমিনুল হক।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সরাফত উল্লাহ বলেন, পাঁচজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অন্য একজনের মৃত্যু হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে।
পুলিশ জানায়, আজ ভোরে সাইনবোর্ড এলাকার মহাসড়ক থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে দুমড়েমুচড়ে যাওয়া সিএনজিচালিত একটি অটোরিকশা পড়ে ছিল। নিহত ব্যক্তিদের মধ্যে সিএনজিচালিত অটোরিকশার চালক সাগর ও এক যাত্রী মিন্টুর পরিচয় পাওয়া গেছে। কোনো বাস বা ট্রাকের চাপায় এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
সকাল ১০টার দিকে সানারপাড় এলাকায় যাত্রীবাহী একটি বাস এক পথচারীকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
গতকাল দিবাগত রাত ১২টার দিকে শিমরাইল এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় মমিনুল নামের এক পথচারী নিহত হন। তাঁর বাড়ি চুয়াডাঙ্গা জেলায়।