বকেয়া বেতন ও কারখানা খুলে দেওয়ার দাবিতে নারায়ণগঞ্জে একটি পোশাক কারখানার শ্রমিকেরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন। গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসব কর্মসূচি পালন করা হয়।
নারায়ণগঞ্জ সদর উপজেলার পুলিশ লাইনস এলাকার কটন পাওয়ার অ্যাক্সেল নিট লিমিটেডের শ্রমিক রাহিমার সভাপতিত্বে মানববন্ধন চলাকালে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম, গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি হাফিজুর রহমান, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাইম খান প্রমুখ।
হাফিজুল ইসলাম বলেন, তিন মাসের বকেয়া বেতন না পেয়ে কারখানার শ্রমিকেরা মানবেতর জীবন যাপন করছেন। বর্তমানে বেতন না দিয়ে বেআইনিভাবে কারখানা বন্ধ করে দিয়েছেন মালিক।
অবিলম্বে শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতন পরিশোধ ও কারখানা খুলে দেওয়ার জন্য মালিক, মালিক সমিতিসহ শ্রমিক-সংশ্লিষ্ট সরকারের সব দপ্তরের প্রতি আহ্বান জানান হাফিজুল ইসলাম।
সংকটের সমাধান না হলে ২৮ জানুয়ারি বেলা ১১টায় পুলিশ লাইনস এলাকায় বিক্ষোভ এবং ৩০ জানুয়ারি জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হবে বলে জানান হাফিজুল ইসলাম।