নারায়ণগঞ্জে পোশাক কারখানা বন্ধের ঘোষণায় সংঘর্ষ
শ্রমিক বিক্ষোভের জের ধরে গত শনিবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার কাঠেরপুল এলাকার রপ্তানিমুখী পোশাক কারখানা ক্যাডটেক্স অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এর প্রতিবাদে শ্রমিকেরা গতকাল রোববার সকালে কারখানার গেট ভাঙচুর করেন। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। আহত হন ১০ শ্রমিক।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আটটার দিকে ক্যাডটেক্স কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিতে গিয়ে বন্ধের নোটিশ দেখতে পেয়ে উত্তেজিত হয়ে ওঠেন। কারখানা চালুর দাবিতে তাঁরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা পাশের আবির ফ্যাশন কারখানার শ্রমিকদের বের করে আনার চেষ্টা করেন। কারখানার গেট ভাঙচুর করলে পুলিশ বাধা দেয়। শুরু হয় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া।শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশ ধাওয়া দিয়ে, লাঠিপেটা করে ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।