নারায়ণগঞ্জে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে প্রতিষ্ঠানের চেয়ারম্যানসহ চার কর্মকর্তাকে ২১ ঘণ্টা অবরুদ্ধ করে রেখেছিলেন। গতকাল সোমবার রাত নয়টার দিকে ওই কর্মকর্তাদের মুক্তি দেওয়ার পর শ্রমিকদের বেতন দেওয়া শুরু হয়। সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার সামাদ বানু কমপ্লেক্সে অবস্থিত এক্সো পলি নিট কম্পোজিট লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।ক্ষুব্ধ শ্রমিকেরা জানান, এক্সো পলি নিট কম্পোজিট কারখানায় আড়াই শ শ্রমিক কাজ করেন। ১০ মে ৯০ জন শ্রমিকের এপ্রিল মাসের বেতন দেয় কর্তৃপক্ষ। অন্য শ্রমিকদের বেতন ১২ মে দেওয়ার কথা ছিল। পরে কর্তৃপক্ষ ১৫ মে রোববার বেতন পরিশোধ করবে বলে জানায়। কিন্তু গত রোববার রাত ১২টা পর্যন্ত শ্রমিকদের কারখানায় বসিয়ে রেখে কর্তৃপক্ষ জানায়, বেতন দেওয়া সম্ভব নয়, দুই দিন পর বেতন পরিশোধ করা হবে। এতে শ্রমিকেরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাঁরা কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা কারখানার চেয়ারম্যান এ কে এম আজাদ, উৎপাদন ব্যবস্থাপক (পিএম) বাবুল হোসেন, হিসাব কর্মকর্তা লাভলী আক্তার, স্যাম্পল ইনচার্জ রওশন আরাকে অবরুদ্ধ করেন। শ্রমিকেরা বেতন পরিশোধ না করা পর্যন্ত কর্মকর্তাদের বের হতে দেওয়া হবে না বলে অফিসে তালা ঝুলিয়ে দেন।খবর পেয়ে রাত দুইটার দিকে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে যায়। তারা শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে বৈঠকে বসে। বৈঠকে কোনো সমঝোতা না হলে গতকাল ভোর পাঁচটার দিকে পুলিশ থানায় ফিরে যায়। এদিকে ক্ষুব্ধ শ্রমিকেরা গতকাল সকালে কারখানার প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।এ ব্যাপারে গতকাল বিকেলে কারখানার চেয়ারম্যান এ কে এম আজাদ জানান, রোববার শ্রমিকদের বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু অর্থের জোগাড় না হওয়ায় সময়মতো বেতন দেওয়া যায়নি।