নারায়ণগঞ্জে পোশাক কারখানার শ্রমিকদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) একটি পোশাক কারখানার শ্রমিকেরা বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে মানববন্ধন করেছেন। গতকাল সোমবার দুপুরে শহরের চাষাঢ়া বিকেএমইএ কার্যালয়ের সামনে এই মানববন্ধন হয়।হাইল্যান সোয়েটার ইন্টারন্যাশনাল লিমিটেড নামের ওই প্রতিষ্ঠানের মাননিয়ন্ত্রক মোজাম্মেল, শ্রমিক লাকী আক্তার, ইয়াকুব আলীসহ অনেকে জানান, কারখানার ৪০০ শ্রমিকের গত তিন মাসের বেতন বকেয়া। কারখানার মালিক ও কর্তৃপক্ষকে এ ব্যাপারে বারবার তাগাদা দিয়েও কাজ হয়নি। বাধ্য হয়ে শ্রমিকেরা রাস্তায় নেমেছেন। মানববন্ধনে অংশগ্রহণকারী শ্রমিকেরা অবিলম্বে বকেয়া বেতনসহ বোনাস দেওয়ার দাবি জানান এবং প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মো. চুন্নু মিয়ার পদত্যাগ দাবি করেন।পরে শ্রমিকেরা বিকেএমইএ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন। মানববন্ধনে জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা শাখার সভাপতি কাউসার আহাম্মেদসহ অনেকে বক্তব্য দেন। আদমজী শিল্পাঞ্চল পুলিশ-৪-এর পরিচালক মাহবুব আলম বলেন, শ্রমিকদের পাওনা নিয়ে কারখানার মালিকপক্ষকে একাধিকবার বলা হলেও তাতে ফল হয়নি।প্রতিষ্ঠানটির মালিক জাকির হোসেনের মুঠোফোনে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।