নারায়ণগঞ্জে পোশাক কারখানায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের ফতুল্লায় ফকির অ্যাপারেলস লিমিটেডে আজ সোমবার সকালে আগুন লাগে। মালামাল সরানোর চেষ্টা করছে কর্তৃপক্ষের লোকজন। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য
নারায়ণগঞ্জের ফতুল্লায় ফকির অ্যাপারেলস লিমিটেডে আজ সোমবার সকালে আগুন লাগে। মালামাল সরানোর চেষ্টা করছে কর্তৃপক্ষের লোকজন। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটিতে রপ্তানিমুখী পোশাক কারখানা ফকির অ্যাপারেলসের নবনির্মিত বর্ধিত অংশে আজ সোমবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বর্ধিত অংশে কাজ পুরোদমে চালু না হওয়ায় সেখানে শ্রমিক তেমন ছিলেন না। এতে কেউ হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল সাড়ে নয়টার দিকে ফকির অ্যাপারেলসের বর্ধিত অংশ ডায়িং সেকশনে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে ওই কারখানার যন্ত্রপাতি ও কাপড়সহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। কারখানার কর্মীরা নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভানোর চেষ্টা চালান। পরে খবর পেয়ে শহরের মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সাড়ে ১০টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। আগুন লাগার ঘটনায় ফকির অ্যাপারেলসের আশপাশে থাকা কারখানাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কারখানা কর্তৃপক্ষের দাবি, আগুনে কারখানার মেশিনপত্র, ডায়িং করা কাপড়সহ কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মমতাজ উদ্দিন জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। কারখানার ড্রায়ার মেশিন থেকে আগুন লাগে বলে ধারণা করা হচ্ছে।