নারায়ণগঞ্জে পোশাক কারখানায় আগুন
নারায়ণগঞ্জে গতকাল শুক্রবার একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে তৈরি পোশাক, থানকাপড়সহ বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। সাপ্তাহিক ছুটির দিন থাকায় এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটী বিসিক শিল্পনগরের প্রীতম ফ্যাশন ওয়্যার গার্মেন্টসে এই অগ্নিকাণ্ড ঘটে। প্রত্যক্ষদর্শী ব্যক্তি ও পুলিশ জানায়, দুপুর একটার দিকে আগুনের সূত্রপাত এবং তা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় পুরো বিসিক শিল্পনগরে আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে জেলা শহরের মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানার পরিচালক রাসেল আহম্মেদ জানান, অগ্নিকাণ্ডে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আহসানুল কবির জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।