নারায়ণগঞ্জে পোশাক কারখানায় আগুন ক্ষয়ক্ষতি, আহত ৪০
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের গোদনাইলে রপ্তানিমুখী পোশাক কারখানা নিট কনসার্নে গতকাল বুধবার আগুন লেগে ক্ষয়ক্ষতি হয়েছে। হুড়োহুড়ি করে কারখানা থেকে বের হতে গিয়ে কমপক্ষে ৪০ জন শ্রমিক আহত হয়েছেন। হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ও কারখানার শ্রমিকেরা মিলে আগুন নেভান। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।জানা গেছে, সকাল সাড়ে নয়টায় দিকে নিট কনসার্ন গার্মেন্টসের ডায়িং সেকশনে আগুন লাগে। এ সময় সাততলা ভবনে কর্মরত ছয় হাজার শ্রমিক হুড়োহুড়ি করে সিঁড়ি দিয়ে নামার সময় কমপক্ষে ৪০ জন আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে জসিমকে (২২) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রমিকেরা অভিযোগ করেন, আগুনের খবরে তাঁরা বের হওয়ার চেষ্টা করলেও কারখানার নিরাপত্তারক্ষীরা ওই ফ্লোরের গেট আটকে রাখেন। এ সময় ভিড়ের চাপে বেশ কয়েকজন শ্রমিক আহত হন। কারখানার কর্তৃপক্ষ গেট আটকে রাখার অভিযোগ অস্বীকার করেছে।