নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন। গতকাল সোমবার দুপুরে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের সিদ্ধিরগঞ্জপুল এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও শ্রমিকেরা জানান, সিদ্ধিরগঞ্জপুল এলাকায় অবস্থিত ওয়াইআরএস ফ্যাশন কনসেপ্ট লিমিটেড পোশাক কারখানার শ্রমিকদের এক মাসের ও কর্মচারীদের চার মাসের বেতন বকেয়া ছিল। শ্রমিকদের পাওনা পরিশোধ না করে কর্তৃপক্ষ কারখানা বন্ধ ঘোষণা করে। বেশ কয়েকবার শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলেও কর্তৃপক্ষ বেতন পরিশোধ করেনি। সর্বশেষ গত রোববার শ্রমিকদের বেতন পরিশোধ করার কথা ছিল। কিন্তু গতকালও কর্তৃপক্ষ কারখানা খোলেনি এবং শ্রমিকদের বেতন পরিশোধ করেনি। এতে শ্রমিকেরা উত্তেজিত হয়ে বেলা ১১টার দিকে কারখানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। একপর্যায়ে শ্রমিকেরা নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।কারখানার সুপারভাইজার গিয়াসউদ্দিন বলেন, মালিক পক্ষ শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ না করেই কারখানা বন্ধ করে দিয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আলম মোল্লা বলেন, কারখানার মালিক ও কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি।