নারায়ণগঞ্জে পোশাকশ্রমিকদের সংঘর্ষ
নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি পোশাক কারখানার শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।গতকাল রোববার দুপুরে ফতুল্লার কাঠেরপুল এলাকার ক্যাডট্রেক গার্মেন্টসে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে ১৩ জনকে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই কারখানার মোট ৮০০ শ্রমিকের অর্ধেক মাসিক বেতন ও অর্ধেক উৎপাদনভিত্তিক মজুরিতে কাজ করেন। কয়েক দিন ধরে মাসিক বেতনভুক্ত শ্রমিকেরা আগামী ১ জানুয়ারি থেকে শতকরা ২০ শতাংশ বেতন বাড়ানোর দাবি জানিয়ে আসছেন। এ দাবিতে গতকাল সকাল ১০টার দিকে তাঁরা কর্মবিরতি শুরু করেন। কিন্তু এ দাবির সঙ্গে উৎপাদনভিত্তিক মজুরিতে কাজ করা শ্রমিকেরা একাত্মতা প্রকাশ না করে কাজ করতে থাকেন। ফলে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে দুপুর ১২টার দিকে কারখানার ভেতরে ও বাইরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তাঁদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে কর্মবিরতি পালনকারী শ্রমিকেরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিপেটা করে। সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হন। এ ব্যাপারে ওই কারখানার ব্যবস্থাপনা পরিচালক মশির আহম্মেদ মজুমদার বলেন, কয়েক দিন ধরে ফিনিশিং বিভাগের হাতেগোনা কয়েকজন শ্রমিক বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবি জানাচ্ছেন। গতকাল দুপুরে ওই বিভাগের কিছু শ্রমিক অন্য শ্রমিকদের কাজ করতে বাধা দেন এবং কারখানার কর্মচারীদের মারধর করেন।সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল বিকেলে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, একদল শ্রমিক বার্ষিক ২০ শতাংশ হারে বেতন বাড়ানোর দাবিতে কর্মবিরতি পালন করেন। আরেক দল শ্রমিক এর বিরোধিতা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বাধে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। বিষয়টি সমঝোতার জন্য শ্রমিকদের নিয়ে বিকেএমইএ ও মালিকপক্ষ বৈঠক বসেছে।