নারায়ণগঞ্জে পোশাকশ্রমিকদের সঙ্গে সংঘর্ষে ১০ পুলিশসহ আহত ৪৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার একটি পোশাক কারখানায় বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে গতকাল বুধবার পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের ১০ সদস্যসহ অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন। ফতুল্লার শিবু মার্কেট এলাকায় দুপুরে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী, পোশাকশ্রমিক ও পুলিশ জানায়, বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবিতে কয়েক দিন ধরে আন্দোলন করে আসছিলেন নারায়ণগঞ্জ সদরের ফতুল্লার শিবু মার্কেট এলাকার রপ্তানিমুখী মোতালেব মনোয়ারা কম্পোজিট গার্মেন্টসের শ্রমিকেরা। এর মধ্যে গত সোমবার কারখানায় বৈদ্যুতিক সার্কিট থেকে আগুন লাগলে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়ায়। তার পরও কর্তৃপক্ষ তখন মূল ফটক তালাবদ্ধ করে রাখে। এ ঘটনার পর গতকাল সকালে কাজে যোগ না দিয়ে শ্রমিকেরা কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা কারখানায় ব্যাপক ভাঙচুর করেন।খবর পেয়ে শিল্প পুলিশ গিয়ে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করে। এ সময় শ্রমিকেরা কারখানার ওপর থেকে পুলিশকে লক্ষ্য করে টিউবলাইট, ড্রামসহ বিভিন্ন জিনিস ছুড়ে মারলে শিল্প পুলিশের পরিদর্শক সিরাজুল ইসলাম, আবদুল কাইয়ুমসহ ১০ জন আহত হন। তাঁদের নারায়ণগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।এ ঘটনার পর কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করলেও শ্রমিকেরা কারখানার ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। পরে বেলা দেড়টার দিকে শ্রমিকেরা কারখানা থেকে বের হলে পুলিশ লাঠিপেটা শুরু করে। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পুলিশ এ সময় শ্রমিকদের ছত্রভঙ্গ করতে ২০টি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। আর বিক্ষুব্ধ শ্রমিকেরা আশপাশের বিভিন্ন কারখানার ছাদে উঠে বিকেল সোয়া চারটা পর্যন্ত দফায় দফায় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এসব ঘটনায় পথচারীসহ আহত হন আরও কমপক্ষে ৩৫ জন।কারখানাটির শ্রমিক রহিমা, সাহিদা, লিপি ও পরান জানান, আগুন লাগার পরও কেন কারখানার মূল ফটক বন্ধ রাখা হলো, মালিকপক্ষের কাছে এর কৈফিয়ত চাইতে গিয়েছিলেন শ্রমিকেরা। কিন্তু কর্তৃপক্ষ বিষয়টিতে কর্ণপাত না করায় তাঁরা আন্দোলন শুরু করেন। এরপর গতকাল দুপুরে কারখানা থেকে বের হওয়ার সময় পুলিশ অতর্কিতে শ্রমিকদের লাঠিপেটা শুরু করলে শ্রমিকেরাও বিক্ষুব্ধ হয়ে ওঠেন।সিদ্ধিরগঞ্জের আদমজী নগরে অবস্থিত শিল্প পুলিশ-৪-এর সহকারী পুলিশ সুপার মাসুদ আলম বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মৃদু লাঠিপেটা ও ২০টি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। ঘটনাস্থলে বর্তমানে পুলিশ মোতায়েন রয়েছে।বিকেএমইএর লেবার অ্যান্ড অ্যাফেয়ার্স স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জি এম ফারুক বলেন, শ্রমিকদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে।