নারায়ণগঞ্জে প্যারাডাইস কেব্লসের কারখানায় শ্রমিক অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় প্যারাডাইস কেব্লসের কারখানায় এক সহকারী প্রকৌশলীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত শ্রমিকেরা কারখানার অভ্যন্তরে কর্মবিরতি পালন করেন।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে মধ্যাহ্নভোজের বিরতির সময় কারখানার সহকারী প্রকৌশলী হেমায়েতুল ইসলাম হৃদ্রোগে আক্রান্ত হন। কারখানার অ্যাম্বুলেন্স বিকল থাকায় তাঁকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে প্রথমে শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতাল ও পরে ঢাকায় ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন সন্ধ্যায় তিনি মারা যান।
শ্রমিকদের অভিযোগ, কারখানাটিতে অ্যাম্বুলেন্স থাকলেও মালিকপক্ষ তা ব্যবহারের অনুমতি না দেওয়ায় রোগীকে সময়মতো হাসপাতালে নেওয়া যায়নি। এতে তাঁর মৃত্যু হয়। মালিকপক্ষ বলছে, অ্যাম্বুলেন্সটি নষ্ট থাকায় সেটি ব্যবহারের অনুপযোগী ছিল।
এদিকে কর্তৃপক্ষের অবহেলার কারণে সহকারী প্রকৌশলীর মৃত্যু হয়েছে, এ খবর ছড়িয়ে পড়লে গতকাল সকাল সাড়ে আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত শ্রমিকেরা কর্মবিরতি পালন করেন। এ সময় তাঁরা বিক্ষোভ করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪-এর পরিচালক পুলিশ সুপার সানা শামীনূর রহমান বলেন, প্যারাডাইস কেব্লসের কারখানার একজন হার্ট অ্যাটাকে মারা গেছেন। শ্রমিকদের অভিযোগ, যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি।