নারায়ণগঞ্জ জেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম ভূঁইয়া ওরফে ক্যাঙ্গারু পারভেজের বিরুদ্ধে গত শনিবার শহরে প্রকাশ্যে গুলিবর্ষণ করে আতঙ্ক ছড়ানোর অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার তিনি সংগঠনের এক কর্মীকে ‘শিবির’ আখ্যা দিয়ে মারধর করেন। পরে আওয়ামী লীগের নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।দুটি অভিযোগই অস্বীকার করেছেন জহিরুল। তিনি জেলায় আওয়ামী লীগের সাবেক এক সাংসদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনের তিন দিন আগে সেনাবাহিনীর সদস্যরা তিনটি অবৈধ আগ্নেয়াস্ত্র, মুখোশসহ তাঁকে আটক করেছিল।শনিবারের ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, শনিবার বিকেলে শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় বিএনপির জেলা কার্যালয়ের সামনে যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। একই সময়ে ২০০ গজ দূরে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে মিছিল করছিলেন যুবলীগের নেতা-কর্মীরা। উকিলপাড়া মোড়ে মিছিল থেকে যুবলীগের নেতা জহিরুল হঠাৎ করে তাঁর কোমর থেকে আগ্নেয়াস্ত্র বের করে কয়েকটি ফাঁকা গুলি ছোড়েন। এ সময় শহরের প্রধান সড়ক বঙ্গবন্ধু সড়কে যানবাহন চলাচল ও দোকানপাট বন্ধ হয়ে যায়। জহিরুলের গুলিবর্ষণের আলোকচিত্র গতকাল নারায়ণগঞ্জের স্থানীয় একটি দৈনিকে প্রকাশিত হয়।এ ব্যাপারে জহিরুল সাংবাদিকদের বলেন, ‘বিএনপি আমাদের মিছিলে হামলা চালায়। এ সময় আমি বিএনপির সমাবেশের দিক থেকে গুলির শব্দ শুনতে পাই। আমি কোনো গুলি করিনি। তবে, আমার হাতে ইটের টুকরা ছিল।’সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঞ্জুর কাদের বলেন, ‘ক্যাঙ্গারু পারভেজ প্রকাশ্যে রাস্তায় ফাঁকা গুলি ছুড়েছেন, এমন অভিযোগ পেয়েছি। আমার জানামতে, তাঁর নামে কোনো অস্ত্রের লাইসেন্স নেই। আর বিএনপির সমাবেশে যুবদলের দুই পক্ষে মারামারি হলেও সেখানে আগ্নেয়াস্ত্রের কোনো ব্যবহার হয়নি। পুলিশ অভিযোগটি খতিয়ে দেখছে।’শিবির কর্মী আখ্যা দিয়ে মারধর: প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, গতকাল হরতালবিরোধী মিছিল শেষে ফতুল্লার পঞ্চবটীতে এনায়েতনগর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন নেতা-কর্মীরা। দুপুর ১২টার দিকে জহিরুল ও তাঁর কর্মী-সমর্থকেরা ওই কার্যালয়ের সামনে দুটি গাড়ি থামান। জহিরুল কার্যালয়ের সামনে থাকা নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘দলে কিন্তু রাজাকার, জামায়াত-শিবির ঘাপটি মেরে আছে।’ শহরের তল্লাবাগ এলাকার যুবলীগের কর্মী জানে আলম ওই কথা বলার কারণ জানতে চান। তখন জহিরুল ও তাঁর লোকজন জানে আলমকে মারধর করেন।জানে আলম সাংবাদিকদের বলেন, ‘ক্যাঙ্গারু পারভেজ (জহিরুল) আমাকে জামায়াত-শিবিরের কর্মী আখ্যা দিয়ে মারধর করেন। এ সময় থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়ালী মাহমুদ এগিয়ে এলে তাঁকেও লাঞ্ছিত করা হয়।’আওয়ামী লীগের নেতা ওয়ালী মাহমুদ বলেন, ‘পারভেজ ও জানে আলম দুজনই বন্ধু এবং তাঁরা একসময় একসঙ্গে চলতেন। কিন্তু সম্পর্কে টানাপোড়েনের জের ধরে জামায়াত-শিবির আখ্যা দিয়ে পারভেজ দলীয় কার্যালয়ের নেতাদের সামনে যে ঘটনা ঘটিয়েছেন, তা অবশ্যই ন্যক্কারজনক।’এ ব্যাপারে জহিরুল দাবি করেন, তিনি কাউকে মারধর করেননি। দলের ভেতরে ঘাপটি মেরে থাকা জামায়াত-শিবির সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছিলেন। সেখানে দলীয় মুরব্বিদের সামনে বেয়াদবি করার প্রশ্নই ওঠে না।