নারায়ণগঞ্জে রেলওয়ের মূল্যবান জমিতে দোকান নির্মাণ ও বরাদ্দ দেওয়ার চেষ্টার প্রতিবাদে গতকাল শনিবার বিকেলে ‘রেলের ভূমি রক্ষায় সচেতন নারায়ণগঞ্জবাসী’ নামের একটি সংগঠন প্রতিবাদ সমাবেশ করেছে। নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশ হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, রেলওয়ের কিছু অসাধু ও সুবিধাভোগী কর্মকর্তা ৪৭ হাজার ২০০ বর্গফুট জায়গা ইজারা নিয়ে দোকান করার ষড়যন্ত্র করছেন। বক্তারা বলেন, ওই জায়গায় দোকান নির্মাণ করে তা বরাদ্দ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ২৩ ডিসেম্বর রেলপথমন্ত্রীর সভাপতিত্বে সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সহসভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বির সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস, কমিউনিস্ট পার্টির জেলা সংগঠক দুলাল সাহা, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।নারায়ণগঞ্জ রেলস্টেশন-সংলগ্ন রেলওয়ের মূল্যবান ৪৭ হাজার ১০ বর্গফুট জমিতে দোকান নির্মাণ ও বরাদ্দ দেওয়ার চেষ্টা চলছে। এ নিয়ে গত শুক্রবার প্রথম আলোয় সংবাদ প্রকাশিত হয়।