নারায়ণগঞ্জে প্রশাসন বাসমালিকদের স্বার্থ সংরক্ষণ করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দূরত্ব বেশি দেখিয়ে যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করছেন বাসমালিকেরা। আর নারায়ণগঞ্জে প্রশাসন যাত্রীদের নয়, বাসমালিকদের স্বার্থ সংরক্ষণ করছে। গতকাল শনিবার নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের নেতারা এই অভিযোগ করেন।সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সংগঠনের আহ্বায়ক রফিউর রাবিব। উপস্থিত ছিলেন জেলার নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, সাধারণ সম্পাদক আবদুর রহমান, জেলা জাসদের সাধারণ সম্পাদক মোহর আলী চৌধুরী, জেলা সিপিবির সাধারণ সম্পাদক দুলাল সাহা প্রমুখ।লিখিত বক্তব্যে বলা হয়, ঢাকা-নারায়ণগঞ্জ রুটের দূরত্ব ২০ কিলোমিটার দেখিয়ে প্রথমে ৩০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়। পরে বিআরটিএর সভায় দুই টাকা কমিয়ে ভাড়া ২৮ টাকা নির্ধারণ করে প্রশাসন। কিন্তু সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী ভাড়া কোনোভাবেই ২৪ টাকার বেশি হয় না। কারণ দূরত্ব ১৭ কিলোমিটারের বেশি নয়। একইভাবে নারায়ণগঞ্জ-চিটাগাং রোড পথের বাসভাড়া হওয়া উচিত ১৪ টাকা। কিন্তু আদায় করা হচ্ছে ২০ টাকা। লিখিত বক্তব্যে বলা হয়, ‘আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, প্রশাসন যাত্রী নয়, বাসমালিকদের স্বার্থ সংরক্ষণ করছে।’ লিখিত বক্তব্যে অবিলম্বে বাসভাড়া কমানোর ও ঢাকা-নারায়ণগঞ্জ পথে সর্বোচ্চ ১৬ টাকা ভাড়ায় বিআরটিসি বাস চালুর দাবি জানানো হয়।