নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী এখনো চূড়ান্ত করতে পারেনি আওয়ামী লীগ। দলের শীর্ষ নেতারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দ্বিধায় পড়েছেন। উভয় প্রার্থীর অনড় অবস্থানের কারণে নেতারা সিদ্ধান্তে পৌঁছাতে পারছেন না। তবে শীর্ষস্থানীয় নেতারা আরও দুই দিন পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন বলে জানা গেছে।গতকাল সোমবার রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য শীর্ষ নেতাদের সঙ্গে আবারও বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন দলীয় সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। একপর্যায়ে বৈঠকে কেন্দ্রীয় সদস্য আবদুর রহমানও উপস্থিত হন।বৈঠক সূত্র জানায়, দলীয় সমর্থন-প্রত্যাশী দুই প্রার্থী শামীম ওসমান ও সেলিনা হায়াত আইভীকে নিজেদের মধ্যে আলোচনা করে সমঝোতায় পৌঁছাতে বলা হয়েছে। কেন্দ্রীয় নেতারা আগামী দুই দিন তাঁদের ভাবতে সময় দিয়েছেন। তাঁদের মতামত জেনে তাঁরা একটা সিদ্ধান্ত নিতে পারেন।সূত্র জানায়, দলীয় উচ্চপর্যায় সাংগঠনিক দক্ষতার জন্য শামীম ওসমানকে মেয়র পদে মনোনয়ন দিতে চায়। একই সঙ্গে সেলিনা হায়াত আইভীর জনপ্রিয়তার জন্য তাঁকে সংরক্ষিত আসনে সংসদ সদস্য পদ এবং আগামী নির্বাচনে দলীয় মনোনয়নের প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু আইভী সেই প্রস্তাব মেনে নিচ্ছেন না। তিনি মেয়র পদের জন্য অনড়। একইভাবে শামীম ওসমানকেও সংসদ সদস্য পদের প্রস্তাব দেওয়া হলে তিনিও তা মানতে চাইছেন না। এ অবস্থায় দলীয় নেতারা সিদ্ধান্ত নিতে পারছেন না।সূত্র জানায়, নারায়ণগঞ্জের সিটি নির্বাচন নিয়ে শীর্ষ নেতৃত্বের ভয় হচ্ছে, একজনকে সমর্থন দিলে অন্যজন বিরোধিতা করবেন। এতে দলের ক্ষতি হবে—এই আশঙ্কায় তাঁরা সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছেন। সূত্র জানায়, নারায়ণগঞ্জ আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী শামীমের পক্ষে। আবার সার্বিক জনপ্রিয়তা আইভীর বেশি। এ ছাড়া নারায়ণগঞ্জের দলীয় সংসদ সদস্যরা আইভীকে সমর্থন দেওয়ার পক্ষে। দলের এ রকম অবস্থান হওয়ায় দলের শীর্ষস্থানীয় নেতারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন বলে জানা গেছে।