নারায়ণগঞ্জে প্রার্থী হচ্ছেন কাদের সিদ্দিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাদের সিদ্দিকী
কাদের সিদ্দিকী

নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।
আজ রোববার কাদের সিদ্দিকী ও কৃষক শ্রমিক জনতা লীগের জেলা কমিটির সভাপতি শফিকুল ইসলাম দেলওয়ারের পক্ষে মনোনয়নপত্র কেনা হয়।
কৃষক শ্রমিক জনতা লীগের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক খোকন এ কথা জানিয়েছেন।
জাতীয় সংসদের টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের উপনির্বাচনে এর আগে প্রার্থী হতে পারেননি কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। ঋণখেলাপির অভিযোগে তাঁর মনোনয়নপত্র বাতিল করে দেওয়া হয়।
দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন এস এম আকরাম। তিনি নাগরিক ঐক্যের উপদেষ্টা, সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক। পরে তিনি মনোনয়নপত্র কেনেন।
এর আগে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন।
জাতীয় পার্টির সাংসদ নাসিম ওসমানের মৃত্যুতে নারায়ণগঞ্জ-৫ আসন শূন্য হয়। ২৬ জুন এখানে উপনির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন।