নারায়ণগঞ্জে প্রার্থীদের প্রচারণা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা গতকাল শুরু হয়েছে। মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থীরা গণসংযোগ করেছেন।বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী ও জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার সকাল থেকে দিনভর শহরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। তবে ঢাকায় বৈঠক থাকায় আওয়ামী লীগ-সমর্থিত দুই প্রার্থী সেলিনা হায়াত আইভী ও শামীম ওসমান বিকেল থেকে গণসংযোগ শুরু করেন।আইভী গতকাল বন্দরের ২৭ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন। তাঁর পক্ষে শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন দেওভোগ এলাকায় গণসংযোগ করেন। তিনি জানান, আইভী বন্দরের মদনগঞ্জ এলাকায় প্রচারনা চালিয়েছেন। তিনি হেঁটে হেঁটে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন।শামীম ওসমানের পক্ষে তাঁর স্ত্রী সালমা ওসমান সকাল থেকে বিকেল পর্যন্ত বন্দর উপজেলার নবীগঞ্জ ও আশপাশ এলাকায় গণসংযোগ করেন। বিকেলে সিদ্ধিরগঞ্জে ৭ নম্বর ওয়ার্ড ও আশপাশের এলাকায় প্রচার চালান শামীম ওসমান।সকালে মাসদাইর কবরস্থানে বাবা ও মায়ের কবর জিয়ারত করে প্রচারণা শুরু করেন তৈমুর আলম খন্দকার। ১২ নম্বর ওয়ার্ডের ইসদাইর, চাঁনমারী, চাষাঢ়া, ব্যাংক কলোনি, ডন চেম্বার, মিশনপাড়া, কুমুদিনী বাগান, আমলাপাড়া স্বর্ণপট্টি এলাকায় দিনভর গণসংযোগ করেন তিনি। চাঁনমারী ও ব্যাংক কলোনি এলাকায় দুটি উঠোন বৈঠকও করেন তিনি। সাবেক সাংসদ আবুল কালাম, জান্নাতুল ফেরদৌস, এ টি এম কামাল প্রমুখ তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। তৈমুরের পক্ষে তাঁর স্ত্রী হালিমা ফারজানা ১৫ নম্বর ওয়ার্ডের দেওভোগ ভূঁইয়ারবাগ এলাকায় গণসংযোগ করেন।অন্যান্য: মেয়র পদপ্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা কমিটির সভাপতি আতিকুল্লাহ মুন্সি বন্দরের ২৭ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন। তবে আওয়ামী লীগের সমর্থনপ্রত্যাশী অপর প্রার্থী সাবেক সাংসদ এস এম আকরাম প্রচারে নামেননি। সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও নয়টি সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর প্রার্থীরাও গণসংযোগে নেমেছেন।