নারায়ণগঞ্জে ফলবোঝাই ট্রাক ছিনতাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশ পরিচয়ে ফলবোঝাই ট্রাক ছিনতাই হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার মদনপুর-ভুলতা-জয়দেবপুর সড়কের গোলাকান্দাইল এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার ট্রাকের চালক বজলুল রশিদ বলেন, দিনাজপুর থেকে লিচু ও আমবোঝাই করে উপজেলার ভুলতা এলাকায় যাচ্ছিলেন তিনি। ভোর চারটার দিকে গোলাকান্দাইল এলাকায় একদল ছিনতাইকারী মাইক্রোবাসে করে এসে ট্রাকের গতি রোধ করে নিজেদের পুলিশ পরিচয় দেয়৷
এ সময় পাঁচ থেকে ছয়জনের ছিনতাইকারী দলটি অস্ত্রের মুখে জিম্মি করে তাঁকে ও তাঁর সহকারীকে হাত-পা বেঁধে ফেলে। একপর্যায়ে গোলাকান্দাইল বেড়িবাঁধ এলাকায় দুজনকে ফেলে ট্রাক নিয়ে চলে যায়৷
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মিয়া বলেন, ‘অভিযোগ পেয়েছি। ট্রাক উদ্ধারের চেষ্টা চলছে৷’