নারায়ণগঞ্জে ফায়ার সার্ভিসের তিন দিনব্যাপী কর্মশালা শুরু
দুর্যোগ মোকাবিলায় দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে নারায়ণগঞ্জে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গতকাল রোববার সকালে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উদ্যোগে অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী। শহরের মন্ডলপাড়ার ফায়ার সার্ভিস কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক এম এম মতিউর, সহকারী পরিচালক মোজাম্মেল হক, ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপসহকারী পরিচালক আহসানুল কবীর, প্রশিক্ষক বাবুল চক্রবর্তী, অ্যাকশনএইড বাংলাদেশের পরিচালক আজগর আলী সাবের প্রমুখ।উদ্বোধন অনুষ্ঠানে মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ এখন ঝুঁকিপূর্ণ দেশ। তাই দুর্যোগ মোকাবিলায় জনগণকে দক্ষ করা প্রয়োজন। সিটি করপোরেশন এলাকায় ফায়ার সার্ভিসকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। আহসানুল কবীর বলেন, দুর্যোগকালে ফায়ার সার্ভিসকে সহায়তা করার লক্ষ্যে সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের ৪৫ জন ব্যক্তিকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর মধ্যে ১৩ জন নারী ও ৩২ জন পুরুষ রয়েছেন। প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের দুর্যোগ মোকাবিলায় দক্ষ হিসেবে গড়ে তোলা হবে।