
শনিবার বেলা তিনটা। নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সিটি করপোরেশন হকার্স মার্কেটের সামনের ফুটপাতে কাপড় বিক্রেতাদের হাঁকডাক। ফুটপাতের বেশির ভাগ অংশে বসানো হয়েছে অস্থায়ী চৌকি। অনেক ক্রেতা জামা-কাপড়ের দরদাম করছেন। আর পথচারীরা ফুটপাতে চলাচল করছেন ঠেলেঠুলে।
ফুটপাতের এ অবস্থা দেখা গেল চাষাঢ়া মোড় থেকে ২ নম্বর রেল গেট এলাকা পর্যন্ত। সড়কের দুই পাশে কয়েক কিলোমিটার পর্যন্ত ফুটপাতে বসানো হয়েছে শত শত অস্থায়ী দোকান। ফল, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রসহ কাপড় বিক্রেতারা যে যেখানে পেরেছেন, বসে পড়েছেন। আর বঙ্গবন্ধু সড়কের দুই পাশের দোকানিরা তাঁদের দোকানের জিনিসপত্র রেখেছেন ফুটপাতের ওপর। এ কারণে পথচারীরা দুর্ভোগে পড়ছেন। ব্যস্ততম এলাকার এই ফুটপাতে তাঁদের চলাচল করতে হচ্ছে ধাক্কাধাক্কি করে।
আল-আমিন নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, চাষাঢ়া মোড় নারায়ণগঞ্জের অত্যন্ত ব্যস্ততম এলাকা। এখান থেকে মানুষ বিভিন্ন দিকে যাতায়াত করেন। আর এখানেই ফুটপাতের এই দুরবস্থা। স্বাচ্ছন্দ্যে হাঁটাচলা করা খুবই কষ্টকর।
হকার্স মার্কেটের ভেতরে দোকান থাকলেও অনেক ব্যবসায়ী দোকানের পরিসর বিস্তৃত করেছেন ফুটপাতের ওপর। কয়েকজন দোকানমালিক দাবি করেন, মার্কেটের ভেতরে দোকানের পরিসর পর্যাপ্ত না হওয়ায় ক্রেতারা ভেতরে আসতে চান না। তাই তাঁরা মার্কেটের বাইরে ফুটপাতে দোকান বসিয়েছেন।
হকার্স মার্কেটের সামনে ফুটপাতে দোকান বসানো কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ফুটপাতে দোকান বসানোর জন্য প্রতিদিন তাঁদের ২০-৩০ টাকা করে মার্কেট কমিটিকে দিতে হয়। পরে কমিটির নেতারা যেখানে যেখানে দরকার, সেখানে টাকা দেন। মোবাইল কোর্ট কখনো এলে তাঁরা মালামাল নিয়ে সরে পড়েন। পরে আবার দোকান বসান।
যোগাযোগ করলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী রোববার প্রথম আলোকে বলেন, ৬০০-৭০০ হকারদের মার্কেট করে দেওয়া হয়েছে। রাস্তায় কোনো হকার ছিল না। কিন্তু পুনরায় হকার বসানো হয়েছে। এর পেছনে রাজনৈতিক, প্রভাবশালী ও প্রশাসনের ইন্ধন আছে। ঈদের পর নারায়ণগঞ্জের নাগরিকদের সঙ্গে নিয়ে এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।