নারায়ণগঞ্জে ফুটপাত হকারমুক্ত করতে অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের ফুটপাত অবৈধ দখলদার ও হকারমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত শহরের চাষাড়া থেকে মণ্ডলপাড়া পর্যন্ত সড়কের দুই পাশের ফুটপাতে এ অভিযান চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে জেলা প্রশাসন ও পৌরসভার উচ্ছেদকারী দল চাষাড়া জিয়া হল, সমবায় মার্কেট, পানোরমা প্লাজা, প্রিপারেটরি স্কুল, সায়াম প্লাজা, হক প্লাজা, জাকির সুপার মার্কেট, আমান ভবন, উকিলপাড়া, গ্রিনলেজ ব্যাংকের মোড়, দুই নম্বর রেল গেইট, ডিআইটি, মণ্ডলপাড়া পর্যন্ত উচ্ছেদ অভিযান চালায়। এ সময় সড়কের দুই পাশের ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে ওঠা ফল, চা, পান-সিগারেট, কাপড়, জুতা, প্রসাধনসামগ্রী, খেলনার দোকানসহ সহস্রাধিক দোকান উচ্ছেদ করা হয়। এ সময় মাইকিং করে ফুটপাত দখল করে দোকানপাট না বসানোর জন্য হকারদের সতর্ক করে দেওয়া হয়।অভিযানে নেতৃত্ব দেওয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শোভা শাহনাজ জানান, শহরের ফুটপাত দখল করে গড়ে তোলা সব অবৈধ দখলদার ও হকারমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। অভিযান অব্যাহত থাকবে। অভিযানের সময় নারায়ণগঞ্জ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারী ছাড়াও বিপুলসংখ্যক পুলিশ উপস্থিত ছিল। সম্প্রতি নারায়ণগঞ্জ দোকান মালিক সমিতির পক্ষ থেকে হকার উচ্ছেদের দাবি জানানো হয়।