নারায়ণগঞ্জে ফেনসিডিল ইয়াবাসহ গ্রেপ্তার ৪
নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ৬৯৫টি ইয়াবা বড়ি এবং ৫০ বোতল ফেনসিডিলসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে ফতুল্লা ও বন্দর এলাকায় ওই অভিযান চালানো হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: ফতুল্লার পাগলার নয়ামাটি এলাকার শাহ পরান (৩৫), মুসলিমনগর এলাকার আনিসুজ্জামান (৩০), বন্দরের মদনপুরের উত্তর চানপুরের শাহাদাৎ (৩০) এবং একই এলাকার সালাম (৩৫)।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানান, শনিবার রাতে শহরের দেওভোগ পানির ট্যাংকের সামনে থেকে ৬০০টি ইয়াবা বড়িসহ শাহ পরানকে গ্রেপ্তার করা হয়। একই রাতে মুসলিমনগর এলাকা থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ আনিসুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দর উপজেলার চানপুর এলাকায় শনিবার রাতে অভিযান চালিয়ে ৯৫টি ইয়াবা বড়িসহ শাহাদাৎ ও সালামকে গ্রেপ্তার করে।