নারায়ণগঞ্জে ফেনসিডিল দিয়ে ব্যবসায়ীকে ফাঁসানোর চেষ্টা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে গোয়েন্দা পুলিশের বিশেষ শাখার (ডিবি) তিন সদস্য এক ব্যবসায়ীকে ফেনসিডিল দিয়ে ফাঁসানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল শনিবার গোয়েন্দা পুলিশের সোর্স পরিচয়দানকারী বাদশাহ নামের এক ব্যক্তি শহরের নিতাইগঞ্জ ডালপট্টি এলাকার ডাল ব্যবসায়ী বিমল সাহার মালিকানাধীন দোকানে গিয়ে এক কেজি ডাল চান। এ সময় বিমল সাহা টাকা ছাড়া ডাল দিতে অস্বীকার করেন। এতে বাদশাহ ক্ষিপ্ত হয়ে তাঁকে দেখে নেওয়ার হুমকি দেন। এর কিছুক্ষণ পরই জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. হানিফ ও উপপরিদর্শক (এসআই) গোলাম মুস্তফাসহ এক কনস্টেবল কাগজে মোড়ানো একটি প্যাকেট সঙ্গে নিয়ে ব্যবসায়ী বিমল সাহার ব্যবসাপ্রতিষ্ঠানে যান। ওই ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যবসার আড়ালে ফেনসিডিল বিক্রি করা হয়—এই অভিযোগ এনে তাঁরা সেখানে তল্লাশি চালানোর চেষ্টা করেন। এ সময় অন্য ব্যবসায়ীরা ঘটনাস্থলে ছুটে আসেন। ব্যবসায়ীরা ভিড় জমালে গোয়েন্দা পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়েন। ব্যবসায়ীদের অভিযোগ—ওই ব্যবসায়ীকে ফাঁসাতে না পেরে গোয়েন্দা পুলিশের সদস্যরা নিজেদের সঙ্গে আনা কাগজে মোড়ানো দুটি ফেনসিডিলের বোতল দোকানের সামনে থাকা ট্রাকের নিচে ফেলে রেখে যান।এদিকে ফেনসিডিল দিয়ে ব্যবসায়ীকে ফাঁসানোর চেষ্টার অভিযোগে নিতাইগঞ্জ এলাকার ব্যবসায়ীরা গতকাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। সমাবেশে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সুগার অ্যান্ড ওয়েল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শংকর কুমার সাহা, জেলা ডাল ভুষা মাল ব্যবসায়ী মালিক সমিতির পরিচালক যাদব কুমার রায়, বিকাশ সাহা, সজল সাহা, লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের নেতা ওমর ফারুক ভূঁইয়া কামাল প্রমুখ। ব্যবসায়ী শংকর কুমার সাহা বলেন, একজন নিরীহ ব্যবসায়ীকে ফেনসিডিল দিয়ে ফাঁসানোর চেষ্টা করেছেন গোয়েন্দা পুলিশের কতিপয় অসাধু সদস্য। এ ঘটনায় সাধারণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদরুল আলম জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হবে। যদি ডিবির কোনো কর্মকর্তা কাউকে ফাঁসানোর চেষ্টাসহ কোনো ধরনের অপরাধের সঙ্গে জড়িত থাকেন, তাহলে অবশ্যই তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।