নারায়ণগঞ্জে ফের ব্যবসায়ী নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত অপহরণ ও খুনের ঘটনার রেশ না কাটতেই মো. আমানউল্লাহ (৩৫) নামের এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। গতকাল সোমবার সকালে চার লাখ টাকা নিয়ে মালামাল কিনতে তিনি গাজীপুরের উদ্দেশে রওনা হন। এরপর আর বাড়ি ফেরেননি। পরিবারের দাবি, তাঁকে অপহরণ করা হয়েছে।
আমানউল্লাহর বাড়ি নারায়ণগঞ্জ বন্দরের দক্ষিণ মুছাপুরের মিনারবাড়ী এলাকায়। তাঁর বড় ভাই মোক্তার হোসেন জানান, আমাউল্লাহ শহরের ২ নম্বর রেলগেট এলাকায় গেঞ্জি কাপড়ের ব্যবসা করেন। তিনি ব্যবসার জন্য মালামাল কিনতে সকাল ছয়টার দিকে চার লাখ টাকা নিয়ে বন্দর থেকে গাজীপুরে রওনা হন। এরপর সকাল নয়টা থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
মোক্তার হোসেন আরও বলেন, ‘গাজীপুরের যে পার্টির কাছ থেকে আমানউল্লাহ মাল কেনে, তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। কিন্তু তিনি গাজীপুরে যায়নি বলে তাঁরা জানান।’ তিনি আরও বলেন, বেলা দুইটার দিকে তাঁর বড় ভাই আমির হোসেনের মোবাইল ফোনে অপরিচিত নম্বর থেকে একটি কল আসে। ফোনে অপরিচিত ওই ব্যক্তি আমানউল্লাহকে টঙ্গীতে খোঁজার পরামর্শ দেন। এরপর টঙ্গী, গাজীপুর ও এর আশপাশে পরিবারের সদস্যরা মিলে তাঁকে খোঁজেন।
গতকাল রাতে বন্দর থানায় এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বন্দর থানার ওসি আক্তার মোর্শেদ বলেন, জিডির সূত্র ধরে পুলিশ তদন্ত শুরু করেছে।