নারায়ণগঞ্জে ফ্ল্যাটে ভাড়াটে খুন
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি ভাড়া করা ফ্ল্যাটে গতকাল বুধবার বিকেলে অজ্ঞাতনামা এক ব্যক্তি (৪০) খুন হয়েছেন। নিহত ব্যক্তি ও এক তরুণী ওই ফ্ল্যাটটিতে ভাড়ায় থাকতেন। ঘটনার পর থেকে তরুণীর খোঁজ পাওয়া যাচ্ছে না।ফ্ল্যাটের মালিক শফিউদ্দিনের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, নিহত ব্যক্তি ও তাঁর সঙ্গী এক তরুণী সাত দিন আগে বন্দরের মদনপুর এলাকায় শফিউদ্দিনের বাড়ির নিচতলার একটি ফ্ল্যাট ভাড়া নেন। ভাড়া নেওয়ার সময় তাঁরা নিজেদের স্বামী-স্ত্রী হিসেবে পরিচয় দেন এবং তাঁদের বাড়ি মেঘনাঘাট এলাকায় বলে জানান। ওই ব্যক্তি তখন নিজেকে ড্রেজার ব্যবসায়ী বলেও পরিচয় দেন। তবে তাঁদের নাম ও বিস্তারিত পরিচয় জানাতে পারেননি শফিউদ্দিন।পুলিশ আরও জানায়, গত মঙ্গলবার রাত থেকে বুধবার বেলা তিনটা পর্যন্ত ওই ফ্ল্যাটের দরজা বন্ধ ও কাউকে যাতায়াত করতে না দেখে মালিক শফিউদ্দিনের সন্দেহ হয়। এ সময় অনেক ডাকাডাকির পরও কেউ সাড়া না দেওয়ায় তিনি পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফ্ল্যাটের দরজা ভেঙে ওই ব্যক্তির তোশক দিয়ে মোড়ানো লাশ উদ্ধার করে। বিবস্ত্র লাশের গলায় ও বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলেও পুলিশ জানায়।ধামগড় পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মিনহাজ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুরের মধ্যে কোনো এক সময়ে এ হত্যাকাণ্ড ঘটেছে। ফ্ল্যাট ভাড়া নেওয়ার সময় এই ব্যক্তির সঙ্গে থাকা নারীকে পাওয়া গেলে খুনের রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে।