নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে একটি রপ্তানিমুখী পোশাক কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন। মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জপুল এলাকায় ওয়াই আর এস ফ্যাশন কনসেপ্ট লিমিটেড ফ্যাক্টরিতে এ বিক্ষোভ হয়। বিক্ষুব্ধ শ্রমিকেরা শিমরাইল মোড়ে সড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।বিক্ষুব্ধ শ্রমিকেরা জানান, সিদ্ধিরগঞ্জপুল এলাকার ওয়াই আর এস ফ্যাশন কনসেপ্ট লিমিটেড গার্মেন্টস কারখানায় প্রায় এক হাজার ১০০ শ্রমিক কাজ করেন। গত সপ্তাহে মালিকপক্ষ ১০ মে শ্রমিকদের বকেয়া বেতন দেওয়ার কথা বলে কারখানা বন্ধ ঘোষণা করে। গতকাল সকালে শ্রমিকেরা বকেয়া বেতন নিতে কারখানায় এসে দেখেন কারখানা তালাবদ্ধ। এতে তাঁরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। শ্রমিকেরা কারখানার সামনেই বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। পরে তাঁরা বিক্ষোভ মিছিল নিয়ে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে অবস্থান নেন এবং সড়ক অবরোধের চেষ্টা চালান। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে সড়ক অবরোধে বাধা দেয় এবং শ্রমিকদের শান্ত করে। শ্রমিকেরা জানান, কারখানার মালিকপক্ষের কাছে তাঁদের চার মাসের বকেয়া বেতন পাওনা। কারখানা মালিকের এক প্রতিনিধি জানান, দীর্ঘদিন ধরে ওয়াই আর এস গার্মেন্টসের মালিক কারখানায় আসেন না। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আলম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল প্রথম আলোকে বলেন, শ্রমিকেরা বকেয়া বেতনের জন্য এসে কারখানা তালাবদ্ধ দেখে বিক্ষুব্ধ হয়ে ওঠেন। শ্রমিকদের বকেয়া বেতন আদায় করে দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা শান্ত হন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।