নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে বেতন ও অতিরিক্ত কাজের মজুরির দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও ভাঙচুর করেছেন। এ সময় মালিকপক্ষের লোকজনের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ায় অন্তত ১০ ব্যক্তি আহত হন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের সানারপাড় মৌচাক এলাকার সিকোটেক্স অ্যান্ড ফেব্রিক্স লিমিটেডে গতকাল শ্রমিকদের বেতন দেওয়ার কথা ছিল। শ্রমিকেরা কাজে যোগ দিতে এসে জানতে পারেন মঙ্গলবার নয়, বেতন দেওয়া হবে ১২ জুলাই। এ খবর ছড়িয়ে পড়লে শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা কাজ বন্ধ করে বেতনের দাবিতে কারখানায় বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার জানালার গ্লাস ও আসবাব ভাঙচুর শুরু করেন। কারখানার মালিকপক্ষের লোকজন শ্রমিকদের বাধা দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এতে শ্রমিক শারমিন আক্তার, হূদয় হোসেন, আরমান আলী, সালমা আক্তার, আবদুল মান্নান, রানা, রুবেল ও কবিরসহ ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিরা বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা নেন।সূত্র জানায়, পরে শ্রমিক-প্রতিনিধি ও মালিকপক্ষকে নিয়ে সমঝোতা বৈঠক করে পুলিশ। বৈঠকে মালিকপক্ষ ১২ জুলাইয়ের মধ্যে শ্রমিকদের বেতন ও অতিরিক্ত কাজের মজুরি পরিশোধের আশ্বাস দেয়। এ ছাড়া শ্রমিকদের দাবি অনুযায়ী প্রতি মাসের ৫ তারিখের মধ্যে পাওনা পরিশোধ ও মহাব্যবস্থাপক (প্রশাসন) জুলফিকার আহম্মদকে অপসারণের আশ্বাস দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে শ্রমিকেরা আজ বুধবার থেকে আবারও কাজে যোগ দেওয়ার ঘোষণা দেন। এ ব্যাপারে জানতে সিকোটেক্স অ্যান্ড ফেব্রিক্স লিমিটেড কারখানার মালিকপক্ষের সঙ্গে নানাভাবে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে কর্তৃপক্ষ কথা বলতে রাজি হয়নি। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আলম মোল্লা জানান, মালিকপক্ষ শ্রমিকদের সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।