নারায়ণগঞ্জে বখাটেপনার শিকার কিশোরী সুফিয়া
বখাটের উত্ত্যক্ত করা আর প্রতিবেশীর কটূক্তি সইতে না পেরে সুফিয়া বেগম (১৩) নামের এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়ায় এ ঘটনা ঘটে। হাসপাতাল সূত্র জানায়, রূপগঞ্জের চনপাড়া থেকে সংজ্ঞাহীন অবস্থায় সুফিয়াকে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় তার সঙ্গে থাকা স্বজনেরা কান্নায় ভেঙে পড়ে। মেয়েটি তার পরিবারের সঙ্গে থাকত।মেয়েটির বোন রহিমা বেগম অভিযোগ করেন, গতকাল সকালে বখাটে প্রতিবেশী হোসেন বাথরুমে ঢুকে সুফিয়ার হাত ধরে টানাটানি করে। সুফিয়া চিৎকার করলে আশপাশের লোকজন এসে হোসেনকে আটক করে। এ সময় স্থানীয় লোকজন উল্টো সুফিয়াকেই শাসায়। বিষয়টি হোসেনের বড় ভাই ইব্রাহিমকে জানালে তিনি ইব্রাহিমকে মারধর করেন। কিন্তু প্রতিবেশী লোকজন সুফিয়াকে কটূক্তি ও নানা মন্তব্য করে।রহিমা আরও জানান, ঘটনার সময় তাঁরা বাসায় ছিলেন না। ফিরে এসে দেখেন ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় সুফিয়া ঝুলছে। তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোরকান সিকদার প্রথম আলোকে বলেন, তাঁরা তদন্ত করে জেনেছেন প্রতিবেশী হোসেনের সঙ্গে মেয়েটির সম্পর্ক ছিল। প্রতিবেশীরা ছেলেমেয়েকে বাথরুমে পেয়েছে। এরপর মেয়েটিকে তার মা মারধর করেছেন। এ কারণেই সে আত্মহত্যা করেছে বলে তিনি জানান।