নারায়ণগঞ্জে বরফকল মাঠ রক্ষার দাবি
নারায়ণগঞ্জ শহরের নগরখানপুরে অবস্থিত শত বছরের পুরোনো বরফকল মাঠ দখল করে বহুতল ভবন নির্মাণের পাঁয়তারার প্রতিবাদে গতকাল শুক্রবার বিকেলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। এতে খুদে খেলোয়াড়, শিশু-কিশোর ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় তারা ‘মাঠ চাই, মাঠ চাই’ দাবিতে স্লোগান দেয়। পরে র্যাবের একটি টিম তাদের মাঠের সামনে থেকে সরিয়ে দেয়।
এলাকাবাসী জানান, নারায়ণগঞ্জের শীতলক্ষ্যার তীরে শহরের নগরখানপুরে অবস্থিত ঐতিহাসিক বরফকল মাঠটি বিআইডব্লিউটিএর আওতাধীন হলেও এই মাঠে স্বাধীনতার আগে থেকে স্থানীয়রা খেলাধুলা করে আসছে। এই মাঠে খেলেই মোহাম্মদ শরীফ, মোহাম্মদ শহীদ, রনি তালুকদারসহ অনেকেই জাতীয় ক্রিকেট দলে জায়গা পেয়েছেন। শুধু ক্রিকেট দলই নয়, জাতীয় ফুটবল দলেরও অনেক খেলোয়াড় এই মাঠে খেলাধুলা করেছেন।
স্থানীয়রা জানান, কয়েক দিন ধরেই বরফকল মাঠের মাটি পরীক্ষা করছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। তারা খেলার মাঠটিতে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা করছে।
ক্রীড়া সংগঠক সোহেল আলম বলেন, মাঠটি দখল হয়ে গেলে স্থানীয় যুবকেরা মাদকের দিকে ঝুঁকবে। আর যেখানে সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংসদ সদস্য ও প্রশাসনের ঊর্ধ্বতন ব্যক্তিরা মাঠের কথা বলছেন, সেখানে মাঠ দখল করে বহুতল ভবন নির্মাণের হঠকারিতা করছে বিআইডব্লিউটিএ।