নারায়ণগঞ্জে বহুতল ভবনে অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি
নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের ডিআইটি বাণিজ্যিক এলাকায় অবস্থিত বহুতল ভবন টোকিও প্লাজা-২-এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল বুধবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
আগুনে ওই ভবনের থান কাপড়, দেশি পোশাক তৈরির কারখানার কাঁচামাল, উৎপাদিত পণ্য ও যন্ত্রপাতি পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের সময় ওই ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় ও আতঙ্কে হুড়োহুড়িতে ১০ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও থানা-পুলিশ সূত্র জানায়, ১৬ তলাবিশিষ্ট ওই ভবনের চতুর্থ তলায় থান কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন পঞ্চম তলায় ছড়িয়ে পড়ে। পঞ্চম তলায় অ্যামিউজমেন্ট চিলড্রেন পার্ক নামের একটি শিশু বিনোদনকেন্দ্রে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ওই ভবনের চতুর্থ ও পঞ্চম তলার বিভিন্ন থান কাপড়ের দোকান ও দেশীয় তৈরি পোশাক কারখানার দোকানের মালামাল পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মণ্ডলপাড়া, হাজীগঞ্জ, ডেমরা ও আদমজী ইপিজেডের মোট আটটি ইউনিট পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঢাকা সদর দপ্তর থেকে বহুতল ভবনের আগুন নেভাতে সক্ষম ব্রন্টো স্কাইলিফট (সুউচ্চ মইওয়ালা) ইউনিটসহ দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে আসে।
এদিকে আগুন লাগার সঙ্গে সঙ্গে ওই ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অনেকেই ভবনের ১৬ তলার ছাদের ওপরে উঠে চিৎকার-চেঁচামেচি করতে থাকে। আবার অনেকে দ্রুত ভবনের নিচে নেমে আসে। এদিকে আগুনে হুড়োহুড়ি ও ধোঁয়ায় ১০ জন আহত হয়েছেন।
ভবনের বাসিন্দারা অভিযোগ করেন, বহুতল ভবনটি নির্মাণ করা হলেও সেখানে অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা ছিল না।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক দিনমণি শর্মা জানান, ফায়ার সার্ভিসের আটটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।
ভবনটির মালিক নওশাদ আলী একসময় জাপানপ্রবাসী ছিলেন। তিনি বর্তমানে সদর উপজেলার গোগনগর ইউপির চেয়ারম্যান। টোকিও প্লাজা-১ নামে পাশেই ২১ তলা আরেকটি ভবন রয়েছে। ওই ভবনটির মালিক তাঁর ভাই জাপানপ্রবাসী ফজর আলী। টোকিও প্লাজা-১ ভবনটিতে সুতার গুদাম, দোতলা, তিনতলা ও চারতলায় থান কাপড়ের দোকান ও দেশি পোশাক তৈরির কারখানা রয়েছে। পাঁচতলার ওপর থেকে আবাসিক ফ্ল্যাট।