নারায়ণগঞ্জে বহুতল ভবনে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের ডিআইটি এলাকার টোকিও প্লাজা-১ নামের একটি বহুতল ভবনে (আবাসিক ও বাণিজ্যিক) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে দোকানের থান কাপড়, দেশীয় তৈরি পোশাক কারখানার দোকানের মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

আজ বুধবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনায় আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ও ধোঁয়ার কারণে ১০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ওই ভবনের চারতলায় থান কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন পঞ্চম তলায় ছড়িয়ে পড়ে। আগুনে ওই ভবনের চতুর্থ ও পঞ্চম তলার বিভিন্ন থান কাপড়ের দোকান, দেশীয় তৈরি পোশাক কারখানার দোকানের মালামাল পুড়ে যায়। খবর পেয়ে মণ্ডলপাড়া, হাজীগঞ্জ, ডেমরা ও আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের মোট আটটি ইউনিট পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগার সঙ্গে সঙ্গে ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অনেকেই ভবনের ১৬ তলার ছাদের ওপরে উঠে চিৎকার-চেঁচামেচি করতে থাকেন। আবার অনেকে দ্রুত ভবনের নিচে নেমে আসেন। এদিকে আগুনে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ও ধোঁয়ার কারণে ১০ জন আহত হয়েছেন।

বহুতল ভবনের বাসিন্দারা অভিযোগ করেন, বহুতল ভবনটিতে অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা ছিল না।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মনি শর্মা সাংবাদিকদের বলেন, ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ মারা যায়নি। তবে কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।

ভবনটির মালিক নওশাদ আলী। তিনি একসময় জাপানে ছিলেন। তিনি সদর উপজেলার গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এই ভবনের পাশেই টোকিও প্লাজা-২ নামে ১৬ তলার আরেকটি ভবন রয়েছে। ওই ভবনের মালিক নওশাদ আলীর ভাই জাপানপ্রবাসী ফজর আলী।