নারায়ণগঞ্জে বান্টি বাহিনীর প্রধানসহ ৯ সন্ত্রাসী আটক
নারায়ণগঞ্জে পৃথক অভিযান চালিয়ে বান্টি বাহিনীর প্রধান ও তার দলের সাত সদস্যসহ নয় সন্ত্রাসীকে আটক করেছে র্যাব। শহরের ২ নম্বর রেলগেট এবং গাবতলী এলাকা থেকে তাদের আটক করা হয়। র্যাব-১১-এর সহকারী পরিচালক মোহামঞ্চদ নাজির আহমেদ খান জানান, গত সোমবার রাতে শহরের ২ নম্বর রেলগেট এলাকার একটি আবাসিক হোটেল থেকে সন্ত্রাসী বান্টি বাহিনীর প্রধান বান্টি ও বাহিনীর সাত সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৩০টি ইয়াবা বড়ি ও মাদক বিক্রির ৪৫ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। বান্টি ছাড়া গ্রেপ্তার হওয়া অন্য সন্ত্রাসীরা হলো: মাসুদ সরকার, হানিফ নাঈম, মো. নাহিদ হোসেন, মো. সালাম, মো. মানিক, আবদুল আলিম ও ইমরান গাজী। এদিকে গতকাল র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ফতুল্লার দুর্ধর্ষ সন্ত্রাসী তারেক সামস্ সিদ্দিকী ওরফে দিপুকে (৩৬) আটক করেছে। র্যাব-১১-এর মেজর আবু সাঈদ খানের নেতৃত্বে একটি দল গতকাল বেলা তিনটায় মাসদাইর গাবতলী এলাকা থেকে তাকে আটক করে। তার বিরুদ্ধে খুন, নারী ও শিশু নির্যাতন, চুরিসহ বিভিন্ন অপরাধে ছয়-সাতটি মামলা রয়েছে।