নারায়ণগঞ্জে বাস কাউন্টারে হামলা আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সিএনজির মূল্যবৃদ্ধির অজুহাতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ক্ষুব্ধ যাত্রীরা বাস কাউন্টারে হামলা ও ভাঙচুর চালিয়েছে। এতে আহত হয়েছে পাঁচজন। গতকাল রোববার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা বাস কাউন্টারে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কের শিমরাইল মোড়ের শীতলক্ষ্যা পরিবহন বাস কাউন্টারে টিকিট সংগ্রহ করতে গিয়ে যাত্রীরা দেখেন, সিদ্ধিরগঞ্জ পুল থেকে চাষাঢ়ার ভাড়া ১০ টাকা থেকে বাড়িয়ে ১৮ টাকা করা হয়েছে। এতে যাত্রীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে টিকিটম্যানদের সঙ্গে যাত্রীদের বাগিবতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে যাত্রীরা কাউন্টারে হামলা ও ভাঙচুর চালায়। এতে কাউন্টারের টিকেটম্যান বাদল, রাজীবসহ পাঁচজন আহত হন।যাত্রীদের অভিযোগ, সরকারের নির্দেশ অনুযায়ী প্রতি কিলোমিটার ভাড়া এক টাকা ৫৫ পয়সা। সিদ্ধিরগঞ্জ থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত নয় কিলোমিটার দূরত্ব। সরকার-নির্ধারিত ভাড়া ১৩ টাকা হওয়ার কথা। কিন্তু সেখানে নেওয়া হচ্ছে ১৮ টাকা।এ ব্যাপারে শীতলক্ষ্যা পরিবহন সার্ভিসের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান জানান, কয়েকজন যাত্রী কাউন্টারে হামলা চালায়।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আলম মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি।