নারায়ণগঞ্জে বাস দুর্ঘটনায় আহত ৩০
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় রপ্তানিমুখী পোশাক কারখানার শ্রমিক বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার উপজেলার শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে বাসটি দুমড়েমুচড়ে গেছে।আহত ব্যক্তিদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল সকাল সাড়ে আটটার দিকে উপজেলার শিবপুর এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে প্রচণ্ড বেগে ধাক্কা লাগে। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় মিনু আক্তার, কণা আক্তার, মাসুদা আক্তার, সাইফুল হোসেন, সাবিনা আক্তার, আবদুর রহিম ও শাহিনা আক্তারসহ কমপক্ষে ৩০ জন গুরুতর আহত হয়েছেন। আশপাশের মানুষ তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে নিয়ে যায়। আহত শ্রমিকদের অভিযোগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁদের ঠিকমতো চিকিৎসা দেওয়া হয়নি। এই অভিযোগ এনে অন্য শ্রমিকেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। একপর্যায়ে তাঁরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা এবং আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) খান মো. জহির উদ্দীনের বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে এবং ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে উত্তেজিত জনতা গাড়ির চালক নরসিংদীর খড়িয়া গ্রামের আবদুল হালিমকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।গোলাম মোস্তফা জানান, হাসপাতালের চিকিৎসকেরা যথাযথভাবেই রোগীদের চিকিৎসা দিয়েছেন। তবুও চিকিৎসা দিতে বিলম্ব হওয়ার অভিযোগ তুলে শ্রমিকেরা হামলা ও ভাঙচুর করেছেন। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম জানান, বাসচালক আবদুল হালিমকে আটক করা হয়েছে।ফতুল্লায় সড়ক দুর্ঘটনা: ফতুল্লার ভুঁইগড় এলাকায় সড়ক দুর্ঘটনায় ২০ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আউয়াল জানান, নারায়ণগঞ্জগামী একটি বাসের চাকা খুলে যাওয়ায় সেটি রাস্তায় কাত হয়ে পড়ে। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক ওই বাসকে সজোরে ধাক্কা দেয়। এরপর একটি মাইক্রোবাস সাইড নিতে গিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে বাস ও মাইক্রোবাসের কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়। আহত যাত্রীদের খানপুরে অবস্থিত ২০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।