নারায়ণগঞ্জে বাস পুকুরে, দুই শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যাত্রীবাহী একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে পুকুরে পড়ে দুই শিশু নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩৫ জন যাত্রী। আজ সোমবার সকাল সোয়া নয়টার দিকে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম এলাকার হোসেন মিয়ার দুই বছরের ছেলে শাহীন ও একই জেলার মিঠাইন গ্রামের বকুল মিয়ার ছয় মাসের মেয়ে নাসিমা।
বাসটি পুকুর থেকে তোলার চেষ্টা চলছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল সোয়া নয়টার দিকে আড়াইহাজার উপজেলার পুরিন্দা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ভৈরবগামী যাত্রীবাহী একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। স্থানীয় লোকজন পুকুর থেকে ওই দুই শিশুর লাশ উদ্ধার করে। আহত যাত্রীদের অনেকে পাড়ে উঠতে সক্ষম হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নরসিংদীর মাধবদী এবং আশপাশের হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করেছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাসটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।