নারায়ণগঞ্জে বাসের ধাক্কায় দুই জেলে নিহত
ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের ফতুল্লার ভুঁইগড় এলাকায় গতকাল রোববার সকালে রাস্তা পারাপারের সময় বন্ধন পরিবহনের একটি বাস পেছন থেকে মাছ বিক্রেতা সোহরাওয়ার্দীকে (৫০) ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘাতক বাসটি পালিয়ে যায়। ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) বদরুল আলম খান জানিয়েছেন, নিহত মাছ বিক্রেতার তিন মেয়ে ও দুই ছেলে রয়েছে। তাঁর বাড়ি ফতুল্লার ভুঁইগড় পূর্বপাড়া এলাকায়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহত সোহরাওয়ার্দীর লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড এলাকায় শনিবার রাতে বাসের চাপায় সন্তোষ চন্দ্র পাল (৫৫) নামের আরেক জেলে নিহত হয়েছেন। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জানা গেছে, শনিবার রাতে বোরাক পরিবহনের একটি বাসযোগে সন্তোষ চন্দ্র পাল ঢাকা থেকে নারায়ণগঞ্জের বন্দরের লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড এলাকায় নামেন। এ সময় বোরাক পরিবহনের অপর একটি বাস তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘাতক বাসটি পালিয়ে যায়। নিহত সন্তোষ চন্দ্র পাল বন্দরের লাঙ্গলবন্দের তাজপুর গ্রামের মৃত কৃষ্ণ চন্দ্র পালের ছেলে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।