নারায়ণগঞ্জ শহরের উকিলপাড়া এলাকায় বাসের চাপায় গতকাল রোববার সকালে হোসিয়ারি প্রতিষ্ঠানের এক শিশুশ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম সবুজ (১০)। এ ঘটনার প্রতিবাদে হোসিয়ারি শ্রমিকেরা শহরের ২ নম্বর রেলগেট এলাকায় সড়ক অবরোধ করে কয়েকটি যানবাহন ভাঙচুর করেন।
সবুজ চাঁদপুরের মো. সালু মিয়ার ছেলে। সে শহরের উকিলপাড়া এলাকার গিয়াসউদ্দিন হোসিয়ারি কারখানায় কাজ করত।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল সোয়া আটটার দিকে উকিলপাড়ায় আনন্দ পরিবহনের একটি বাসের চাপায় সবুজ গুরুতর আহত হয়। তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার প্রতিবাদে সকাল সাড়ে নয়টার দিকে বিভিন্ন হোসিয়ারি প্রতিষ্ঠানের কয়েক শ শ্রমিক ২ নম্বর রেলগেট এলাকায় সড়ক অবরোধ করেন। ভাঙচুর করেন ১০-১২টি যানবাহন। এতে ওই সড়কে বেলা ১১টা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, বাসচালককে গ্রেপ্তারের আশ্বাস দিলে শ্রমিকেরা শান্ত হন। পরিস্থিত নিয়ন্ত্রণে রয়েছে।